পরিচিতি
- প্রথম পাতা
- পরিচিতি
জামিয়া দারুত তালিম বাংলাদেশ সনাতনী দরসে নিযামী, প্রচলিত সাধারণ শিক্ষা ও সকল বিভাগে আন্তর্জাতিক মান সম্পন্ন একটি আধুনিক শিক্ষাঙ্গনের নাম। একটি জাতির সুস্থ বিকাশ ও বিনির্মানের জন্য জাগতিক শিক্ষা ও ধর্মীয় শিক্ষার সমন্বয় সাধন অনিবার্য। কারণ ধর্মীয় শিক্ষা মানুষকে নৈতিক অবক্ষয় থেকে বিরত রাখে এবং জাগতিক শিক্ষা মানুষের জন্য পৃথিবীতে জীবিকা নির্বাহের পথ সুগম করে দেয়। তাছাড়া বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষের এ যুগে সাধারণ শিক্ষা বা জাগতিক শিক্ষা কোরআন ও হাদিসের ব্যাখ্যা-বিশ্লেষণে সম্পূরক ভূমিকা পালন করে। তাই আন্তর্জাতিকভাবে প্রচলিত এই দুই শিক্ষা পদ্ধতির অপূর্ব সমন্বয়ের যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেই প্রতিষ্ঠিত হয়েছে জামিয়া দারুত তালিম বাংলাদেশ।
২০১৬ সালের দুই মাস পূর্ব থেকে আলোচনা-পর্যালোচনা ও পরীক্ষামূলক কার্যক্রম শুরু হলেও জামিয়া দারুত তালিম বাংলাদেশ –এর নিজস্ব নামে আনুষ্ঠানিকভাবে পূর্ণ প্রতিষ্ঠা লাভ করে ২০১৬ সালের পহেলা জানুয়ারীতে। দক্ষিণ সানারপাড় এলাকার রহিম মার্কেট সংলগ্ন আলফেসানি জামে মসজিদের পাশে কাজী ম্যানশনের পঞ্চম তলা ভাড়া চুক্তির মাধ্যমে মাদরাসার অস্থায়ী ক্যাম্পাসের সূচনা হয়। সেই সূচনা বিভিন্ন প্রতিকূল অবস্থা পেড়িয়ে ধীরে ধীরে তার কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ।
প্রতিটি শিক্ষার্থীকে উন্নত চরিত্রের অধিকারী হিসেবে গড়ে তোলার পাশাপাশি আন্তর্জাতিক মানের হাফেজ তৈরী করা। অতঃপর পবিত্র কোরআন ও সুন্নাহকে বোঝার জন্য মাদানী নেসাব পদ্ধতিতে যোগ্য আলেম হিসেবে গড়ে তোলা। এর সাথে সাথেই সাধারণ শিক্ষার স্নাতক স্তরও সম্পন্ন করা। যাতে তারা উভয় ধারার শিক্ষায় সমৃদ্ধ হয়ে আন্তর্জাতিক মানের স্কলার হিসেবে গড়ে উঠতে পারে।
হিফজুল কোরআন বিভাগের ছাত্রদের জন্য দেশী ও বিদেশী ক্বারীদের তেলাওয়াতের আঙ্গিকে নিয়মিত প্রশিক্ষণ এবং জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগীতায় সাফল্যের সাথে অংশগ্রহণ।
বাংলাদেশ কওমী মাদরাসার শিক্ষাবোর্ড ও জাতীয় শিক্ষাবোর্ডের অভূতপূর্ব সমন্বয় সাধন, যাতে ছাত্ররা উভয় ধারায় সমৃদ্ধ হয়ে গড়ে ওঠে।
ছাত্রদেরকে বাংলা, আরবী ও ইংরেজি — এই তিন ভাষায় পারদর্শী করে গড়ে তোলার নিরন্তর প্রচেষ্টা।
দাওয়াত, তালীম ও তাযকীয়ার প্রতি বিশেষ গুরুত্বারোপ, যা শিক্ষার্থীর অন্তরকে পরিশুদ্ধ করে।
সৃজনশীল বক্তৃতা, প্রবন্ধ ও কবিতা লেখালেখি এবং নির্বাচিত বই পড়ার অভ্যাস গঠনের পাশাপাশি হামদ-না’তসহ নানা সাংস্কৃতিক প্রতিযোগীতার আয়োজন।
শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত লেখা, প্রবন্ধ ও কবিতা মাদরাসার দেয়ালিকা ও ওয়েবসাইটের ব্লগে প্রকাশ করা হয়।
গুলিস্তান জিরো পয়েন্ট থেকে চিটাগাং রোডগামী বাসে সানারপাড় স্টেশনে নেমে, দক্ষিণ দিকে রহিম মার্কেট সংলগ্ন আলফেসানি জামে মসজিদের সাথে, মজিব ম্যানশনের পঞ্চম তলায় মনোরম পরিবেশে সম্পূর্ণ নিরাপত্তার সাথে প্রতিষ্ঠানটি অবস্থিত।
পরিচালনার জন্য রয়েছে অভিজ্ঞ পরিচালনা পর্ষদ। দেশ-বিদেশের খ্যাতনামা ওলামায়ে কেরাম, ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদদের সমন্বয়ে গঠিত হয়েছে কার্যকরী ক্ষমতাসম্পন্ন উপদেষ্টা পর্ষদ, যারা প্রতিষ্ঠানের যাবতীয় কার্যক্রমে সুপরামর্শ দ্বারা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর উন্নতির জন্য বিশেষ ভূমিকা রাখেন।